লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (চবি)-এর নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত


 

আজ ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা, সদস্য, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী, চাকসু বিজয়ী সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় অবদান রাখা শিক্ষার্থী এবং গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী কার্যক্রমে ভূমিকা রাখা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক উপদেষ্টা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্যা পাটওয়ারী, শিক্ষক উপদেষ্টা লাইলুন নাহার ইরানি, আবুল খায়ের গ্রুপের জিএম এ.এন.এম ওয়াজেদ আলী, লক্ষ্মীপুর জেলা সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম ভূঁইয়া শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন, রামগতি–কমলনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লব, লক্ষ্মীপুর জেলা ফোরামের মুখপাত্র ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, এসোসিয়েশনের সাবেক সদস্য গোলাম রাব্বানী, ৮ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ইরতেজা ইকবাল রাহিম, ৯ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সাহেদ হোসেনসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. এনায়েত উল্যা পাটওয়ারী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাপত্র প্রকাশে সফল শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে বলেন, “আমাদের অনেক শিক্ষক যা পারেন না, আমাদের শিক্ষার্থীরা তা করে আমাদের গর্বিত করছে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ আগ্রহের বিষয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জন করে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণে নিবেদিত হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক উপদেষ্টা লাইলুন নাহার ইরানি এসোসিয়েশনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগ জোরদারে একটি ওয়েবসাইট গঠনের পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ইউনুছ মিয়া এসোসিয়েশনের বছরব্যাপী স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড তুলে ধরে অন্যতম পৃষ্ঠপোষক ও সাবেক চবিয়ান, লক্ষ্মীপুর–০১ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ঐক্য, অনুপ্রেরণা ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেয়